
নিউজ প্রবাসী ডেক্স :
নাটোরের লালপুর উপজেলায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনাটি মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে ঘটে।
নিহতরা হলেন জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭), এবং বাবুল (৩৫), যারা সবাই উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন ইজিবাইক চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০), এবং রাজিব (৩৫)।
স্থানীয়দের মতে, দুর্ঘটনার সময় ইজিবাইকটি লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বাকিরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পথে আরও দুজন মারা যান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।