
নিউজ প্রবাসী ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া ও নির্বাচনী ফলাফলের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের পরদিন শুক্রবার সকালে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আয়োজন ও ভোটারদের অংশগ্রহণ বাংলাদেশের জনগণের রাজনৈতিক সচেতনতার পরিচায়ক। এ প্রেক্ষাপটে বিজয়ী দল ও নেতৃত্বকে শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় অংশীদারত্ব আগামী দিনে আরও গভীর ও কার্যকর হবে বলে তারা প্রত্যাশা করে। আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ অব্যাহত রাখবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়ে যায়। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই তিনি হারান তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-কে। শোকের মধ্যেও দলের নেতৃত্ব দিয়ে নির্বাচনে বিজয় নিশ্চিত করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মহলের এই অভিনন্দন নতুন সরকারের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।