
নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৬ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় আট রোহিঙ্গাসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।
শনিবার বন্দরের বহির্নোঙর এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকায় অভিযান চালিয়ে এসব ডিজেল উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড জানিয়েছে।
আটকদের মধ্যে বাংলাদেশি চারজন হলেন—আব্দুল মান্নান, সাকিব, মো. সাকের ও সৈয়দ আলম। এছাড়া আটজন রোহিঙ্গাকেও আটক করা হয়েছে।
ডিজেলের পাশাপাশি নৌকাটি থেকে ৬টি গ্যাস সিলিন্ডার ও নগদ ১৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড জানায়, এসব ডিজেল অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। একই নৌকাটি ব্যবহার করে একটি মানবপাচার চক্র ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে চট্টগ্রামে একাধিক অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দের ঘটনা ঘটে। সাম্প্রতিক এই অভিযানে আবারও পাচার চক্রের সক্রিয়তা সামনে এলো।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।