নিউজ প্রবাসী ডেক্স :
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় একটি পেট্রোল পাম্পে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় অবস্থিত ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামের একটি মিনি পাম্পে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাম্পের বিভিন্ন সংরক্ষণ ট্যাংক তল্লাশি করা হয়। এ সময় চার হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেলসহ মোট ২৪ হাজার লিটার জ্বালানি উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাম্প মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানায়, জব্দ করা জ্বালানি পরে বৈধভাবে পাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। জ্বালানি সংকট ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।