নিউজ প্রবাসী ডেক্স :

মানিকগঞ্জ সদর উপজেলায় ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যা করেছে তারই ঘনিষ্ঠ বন্ধুরা। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (২৮ মার্চ) দুপুরে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জয়ীতা শিল্পী জানান, নিহত রফিক মিয়া (৩০) ঘিওর উপজেলার রাথুরিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় ইজিবাইক চালক ছিলেন।
পুলিশ জানায়, গত বুধবার সদর উপজেলার কালীগঙ্গা নদী থেকে রফিকের মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার আগের দিন ইজিবাইক নিয়ে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় নিহতের ভাই আরিফ মিয়া ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পিবিআই তদন্ত শুরু করে এবং প্রযুক্তির মাধ্যমে জড়িতদের অবস্থান শনাক্ত করে।
প্রথমে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরমান হোসেন ও সজীব হোসেনকেও আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদকের টাকা জোগাড় করতে তারা পরিকল্পিতভাবে রফিককে কালীগঙ্গা নদীর তীরে ডেকে নিয়ে গিয়ে গলাকেটে হত্যা করে এবং তার ইজিবাইক ছিনতাই করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই করা ইজিবাইকসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts