নিউজ প্রবাসী ডেক্স :

পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে বয়সের বড় ব্যবধানের একটি বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। ৭০ বছর বয়সী হাকিম বাবর ২২ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করায় বিষয়টি দেশজুড়ে কৌতূহল ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
স্থানীয় কনটেন্ট নির্মাতারা দম্পতির বাড়িতে গিয়ে ভিডিও প্রকাশ করলে তাদের ব্যক্তিগত জীবন ব্যাপকভাবে জনসমক্ষে আসে। এক ভিডিও সাক্ষাৎকারে হাকিম বাবর দাবি করেন, এই বিয়েটি পারিবারিক সম্মতির পাশাপাশি পারস্পরিক ভালোবাসার ফল। তাঁর ভাষ্য অনুযায়ী, সম্পর্কের সূচনা হয়েছিল ভালোবাসা থেকেই এবং পরবর্তীতে ইসলামী শরিয়ত অনুযায়ী নিকাহ সম্পন্ন হয়।
সমালোচনার জবাবে হাকিম বাবর বলেন, বয়স মানুষের প্রকৃত পরিচয় নয়। তাঁর মতে, “মানুষের মন যদি তরুণ থাকে, তাহলে বয়স বড় কোনো বিষয় নয়।” তিনি আরও বলেন, তাঁর স্ত্রী আগে তালাকপ্রাপ্ত ছিলেন এবং তাকে বিয়ে করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈধ ও সম্মানজনক সিদ্ধান্ত।
বিতর্ককারীদের উদ্দেশে তিনি অভিযোগ করেন, অনেকেই সামাজিক মূল্যবোধ উপেক্ষা করে অবৈধ সম্পর্কে জড়ালেও ধর্মসম্মত বিয়েকে প্রশ্নবিদ্ধ করছেন। তাঁর ভাষায়, “আমি কোনো অনৈতিক পথে যাইনি, তবু আমাকে নিয়ে কটূক্তি করা হচ্ছে।”
হাকিম বাবরের স্ত্রীও স্বামীর বক্তব্যে একমত পোষণ করে বলেন, প্রকৃত ভালোবাসা থাকলে বয়স কোনো বাধা হতে পারে না। তিনি মনে করেন, জীবনের সঠিক সঙ্গী পেলে দেরি না করে বৈধ সম্পর্কে আবদ্ধ হওয়াই শ্রেয়।
দম্পতি জানান, আসন্ন ঈদুল ফিতরের পর তাঁরা সৌদি আরবে ওমরাহ পালনে যাবেন। এরপর ইউরোপের নেদারল্যান্ডস ভ্রমণেরও পরিকল্পনা রয়েছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts