
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই জয়কে বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
পোস্টে মোদি লেখেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির জয় এবং নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে।
ভারতের প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করা এবং দ্বিপক্ষীয় উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করতে আগ্রহী নয়াদিল্লি। তিনি ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে, নির্বাচনের ফল ঘোষণার পর বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসও বিএনপি ও দলের নেতৃত্বকে শুভেচ্ছা জানায়। এক বিবৃতিতে তারা নির্বাচনে অংশগ্রহণ ও ফলাফলকে গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়ে যায়।