নিউজ প্রবাসী ডেক্স :

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন শফিকুর রহমান এবং উপনেতা হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতা হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে আব্দুল্লাহ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
সংসদীয় বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতা পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেন। সেই হিসাবে শফিকুর রহমানের এ স্বীকৃতি সংসদের আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিরোধী জোটের বৈঠকে শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং আব্দুল্লাহ তাহেরকে উপনেতা হিসেবে মনোনীত করা হয়। একই বৈঠকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলের চিফ হুইপ করা হয়।
তবে তখন স্পিকার নির্বাচিত না হওয়ায় আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল নির্বাচিত হওয়ার পর এই প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় সাত মাসের মাথায় দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয়। পরে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts