নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-তে একের পর এক পরিচালকের পদত্যাগের ঘটনায় তৈরি হয়েছে আলোচনা ও কৌতূহল। দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই সাতজন পরিচালক সরে দাঁড়ানোয় বিষয়টি অস্বাভাবিক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবার দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বোর্ড সভার পরপরই শুরু হয় পদত্যাগের খবর আসা। প্রথমে চার পরিচালকের পদত্যাগের তথ্য জানা গেলেও পরে সংখ্যা আরও বাড়ে। দিন শেষে মোট সাতজন পরিচালক দায়িত্ব ছাড়েন।
এর আগে জানুয়ারিতে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক পদত্যাগ করেন। মার্চে মিডিয়া কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর পর আমজাদ হোসেনও বোর্ড ছাড়েন। একই ধারাবাহিকতায় লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকও সরে দাঁড়ান।
সাম্প্রতিক বোর্ড সভার দিনই পরিচালক ফাইয়াজুর রহমান পদত্যাগপত্র পাঠান। পরে ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান শানিয়ান তামিম, সিকিউরিটি কমিটির প্রধান মেহরাব আলম চৌধুরি এবং মেডিকেল বিভাগের চেয়ারম্যান মঞ্জুর আলমও পদত্যাগ করেন।
বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, এসব পদত্যাগের পেছনে কোনো সাংগঠনিক সংকট নেই। বোর্ডের মিডিয়া ও কমিউনিকেশন কমিটির প্রধান মোখসেদুল ইসলাম জানান, “যারা পদত্যাগ করেছেন, তারা ব্যক্তিগত কারণেই করেছেন।”
তবে বিসিবির আরেক পরিচালক ইফতেখার রহমান স্বীকার করেছেন, এত সংখ্যক পদত্যাগ স্বাভাবিক নয়। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি।
অন্যদিকে নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা দাবি করেছেন, বোর্ডের ভেতরে কোনো অস্থিরতা নেই এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলবে।