
নিউজ প্রবাসী ডেক্স :
ময়মনসিংহ-১১ আসনের একটি ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, একদল তরুণ একটি ভোটকক্ষ দখল করে ব্যালট পেপারে সিল মারছেন। ঘটনার জেরে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ওই সময় কয়েকজন তরুণ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে একটি বুথে একসঙ্গে ব্যালটে সিল মারতে থাকেন। ওই বুথে তখন কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন না।
পরে ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাচন সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রটিতে প্রায় আধা ঘণ্টার মতো ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। এরপর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ হাফিজ উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আবু হেনাকে দায়িত্ব দেওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যালট পেপার জব্দ করা হয়েছে। তবে এটি কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে করা হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিডিওতে কোন প্রতীকে সিল দেওয়া হয়েছে এবং কারা জড়িত—তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, বিচ্ছিন্ন এই ঘটনার বাইরে জেলার অন্যান্য কেন্দ্রে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলায় আনুমানিক ৪৫ থেকে ৫৫ শতাংশ ভোট পড়েছে।