
নিউজ প্রবাসী ডেক্স :
মস্কো-এর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আহত হওয়ার পর তাকে রাশিয়ায় নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে।
কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে টেলিফোনে কথা হওয়ার পরই একটি সামরিক বিমানে করে মস্কোয় যান মোজতবা খামেনি।
তবে এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। রুশ সংবাদমাধ্যমগুলোর অনুসন্ধানেও বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া হামলায় নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান এবং গুরুতর আহত হন মোজতবা খামেনি।
পরবর্তীতে তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, তার আঘাত গুরুতর হলেও প্রাণঘাতী নয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।