
নিউজ প্রবাসী ডেক্স :
যশোর শহরতলির নূরপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রকি বিশ্বাস (২৫) নামে এক যুবক গুরুতর ছুরিকাহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পক্ষের একজনও পাল্টা হামলায় আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে খয়েরতলা নূরপুর ব্যাংক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত রকি বিশ্বাস স্থানীয় মৃত মান্নান বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রকি বিশ্বাসের সঙ্গে শহরের পালবাড়ি এলাকার ইফতির দীর্ঘদিনের বিরোধ ছিল। ঘটনার দিন রকি ব্যাংক থেকে বের হওয়ার পর ইফতি তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে রকি গুরুতর জখম হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে রকির সমর্থকরা ইফতির ওপর পাল্টা হামলা চালায়, এতে সেও আহত হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, রকির শরীরে গভীর আঘাত রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তাদের অবগত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।