নিউজ প্রবাসী ডেক্স :

যশোর সদরে রিকশা চালককে নৃশংসভাবে হত্যা করে তার রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। নিহতের নাম আলমগীর হোসেন (৫৫)।
রোববার (১৫ মার্চ) রাত আটটার দিকে সদর উপজেলার কানাইতলা ভাটপাড়া এলাকার একটি ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর সদরের চাঁচড়া মধ্যপাড়া বড় মাদরাসা এলাকার রজব আলী দরবেশের ছেলে। তিনি ঝুমঝুমপুর শ্মশান সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের স্ত্রী সাজেদা মনি জানান, ইফতারের পর প্রতিদিনের মতো ভাড়া খাটতে বাড়ি থেকে বের হন আলমগীর। রাত পৌনে আটটার দিকে খবর পান, দুর্বৃত্তরা তাকে ছুরি মেরে ভাটপাড়া এলাকার ইটভাটার রাস্তার পাশে ফেলে রেখে গেছে।
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে পথচারী গোলাম রাব্বির সহায়তায় তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের এসআই ইলিয়াস হুসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাত্রীবেশে ছিনতাইকারীরা রিকশাটি ভাড়া করে নির্জন স্থানে নিয়ে যায়। পরে ভারি কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে আলমগীরকে ফেলে রেখে রিকশাটি নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts