
নিউজ প্রবাসী ডেক্স :
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদের অধিবেশনের মেয়াদ, কার্যদিবস ও আলোচনার সময় নির্ধারণের জন্য গঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের সূচনালগ্নে রীতি অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সংসদ সচিবালয় জানায়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে। তবে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারের হাতে থাকবে।
বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য ও সংসদ সদস্যরা।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি ৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিস এবং বিধি ১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিস পাওয়া গেছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ঈদের আগে সংসদ অধিবেশন সীমিত সময়ের জন্য বসবে এবং পরে আবার অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।