নিউজ প্রবাসী ডেক্স :

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সময় জামায়াতসহ বিরোধী জোটের সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদ কক্ষে প্রবেশের ঘোষণা দেওয়া হলে বিরোধী দলের সদস্যরা নিজেদের আসন ছেড়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা লাল রঙের প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যাতে বিভিন্ন স্লোগান লেখা ছিল।
রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করলে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারদলীয় সদস্যরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। তবে বিরোধী দলের কিছু সদস্য প্রতিবাদের অংশ হিসেবে বসে থাকেন।
জাতীয় সংগীত বাজানোর সময় সংসদ সদস্যদের দাঁড়িয়ে সম্মান জানানোর আহ্বান জানানো হলে কয়েকজন সদস্য পরে দাঁড়ালেও কিছু সদস্য বসেই থাকেন। তবে এ সময় জামায়াত জোটের সদস্যদের নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। পরে তারা স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ সংসদের প্রথম অধিবেশনের একটি বাধ্যতামূলক অংশ। তিনি সদস্যদের উদ্দেশে বলেন, সংসদের প্রচলিত রীতি ও সাংবিধানিক বিধান মেনে চলা সবার দায়িত্ব।
তবে স্পিকারের আহ্বান উপেক্ষা করেই বিরোধী জোটের সদস্যরা কক্ষ ত্যাগ করেন। সংসদের প্রথম দিনের অধিবেশনেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।
পরে অধিবেশন কক্ষের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিরোধী দলের নেতা শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে তাদের গুরুতর অভিযোগ রয়েছে এবং সে কারণেই তার ভাষণ বর্জন করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং এ কারণেই তারা তার বক্তব্য শুনতে রাজি নন।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার রয়েছে এবং তারা বিধি অনুযায়ী তা করতে পারে। তিনি এটিকে অস্বাভাবিক কোনো ঘটনা নয় বলেও মন্তব্য করেন।
রাষ্ট্রপতির ভাষণ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে স্পিকার অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। বিরোধী দলের সদস্যরা সেদিন আর অধিবেশনে যোগ দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts