
নিউজ প্রবাসী ডেক্স :
বগুড়া জেলার সান্তাহার এলাকায় সংস্কারাধীন রেললাইনে ঢুকে পড়ায় লাইনচ্যুত হয়েছে আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস। বুধবার দুপুর ২টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রী নিয়ে ঢাকা থেকে চিলাহাটি যাচ্ছিল ট্রেনটি। সান্তাহার স্টেশন অতিক্রমের কিছু সময় পরই এটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ট্রেনের অন্তত ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে রেললাইনের সংস্কার কাজ চলছিল। সতর্কতার জন্য লাল পতাকা ও সিগন্যাল দেওয়া থাকলেও ট্রেনটি তা অমান্য করে এগিয়ে আসায় এ দুর্ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার খাদিজা খানম জানান, সংস্কারাধীন লাইনে সতর্ক সংকেত দেওয়া ছিল। সেই অবস্থায় ট্রেন ঢুকে পড়ায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন। আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।
এদিকে, একক লাইন হওয়ায় নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাট জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে, ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ঈশ্বরদী জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।