নিউজ প্রবাসী ডেক্স :

বগুড়ার সান্তাহারে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দীর্ঘ ২২ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার ও মেরামত কাজ শুরু হয়। রাতভর কাজ চালিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে রেললাইন সচল করা সম্ভব হয়। এরপর পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করে এবং দুপুর নাগাদ তা পুরোপুরি স্বাভাবিক হয়।
দুর্ঘটনার সময় ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন, বিশেষ করে ঈদে ঘরমুখো মানুষদের দুর্ভোগ বেড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় লাইনে মেরামত কাজ চলছিল এবং সতর্ক সংকেতও দেওয়া ছিল। তবে ট্রেনটি সিগন্যাল অমান্য করে লাইনে প্রবেশ করায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
রেলওয়ের তথ্যমতে, এ ঘটনায় অন্তত ৬৬ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অধিকাংশ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিয়ে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts