
নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাস লিকের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। এতে একই পরিবারের ছয়জনের মৃত্যুর ঘটনায় নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)-এর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে গ্যাস লাইনের লিকেজের কোনো আলামত পাওয়া যায়নি।
গত ২৩ ফেব্রুয়ারি ভোরে হালিশহরের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে পরিবারের ৯ জন দগ্ধ হন, যাদের মধ্যে ছয়জন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্যাস বিস্ফোরণ হলে সাধারণত রান্নাঘরের চুলা, নব ও আশপাশের সরঞ্জামে ক্ষতির চিহ্ন দেখা যায়। কিন্তু ঘটনাস্থলে এ ধরনের কোনো লক্ষণ পাওয়া যায়নি।
তারা আরও জানান, ওই ফ্ল্যাটে মোটরগাড়ির এসির কম্প্রেসর, গাড়ি রং করার রাসায়নিক ভর্তি ড্রাম এবং ব্যাটারি পাওয়া গেছে, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব উপকরণ বা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দগ্ধ তিন শিশু এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলেও বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে আরও অনুসন্ধান চালানো হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।