নিউজ প্রবাসী ডেক্স:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন জানান, অনশনস্থলে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর উপস্থিতির খবর পেয়ে তিনি তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটক ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের সাবেক সহ-সম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি একরাম গাজী হৃদয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপ-সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম ও শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অনশন শুরু করেন। ওই কর্মসূচি চলাকালে চারজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আটক ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা বলে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts