
বিশেষ প্রতিনিধি:
নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট শ্রমিক নেতা রবিউল হোসেন রবি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হৃদরোগজনিত জটিলতায় ভুগছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি নওয়াপাড়ায় নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
তার শারীরিক অবস্থার সাম্প্রতিক অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজধানী ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। পরিবারের সদস্যরা জানান, প্রয়োজনীয় মেডিকেল ব্যবস্থাপনা সম্পন্ন করে যেকোনো সময় তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হতে পারে।
রবিউল হোসেন রবি নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র ছাড়াও নওয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি নওয়াপাড়া শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতির দায়িত্বেও রয়েছেন। শ্রমিক আন্দোলন ও স্থানীয় রাজনীতিতে তার দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় একজন পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব।
তার অসুস্থতার খবরে নওয়াপাড়া পৌরসভা এলাকা ও শ্রমিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তার খোঁজখবর নিচ্ছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন।
এদিকে তার পরিবার ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে রবিউল হোসেন রবির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।