
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশে গত ছয় মাসে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রায় তিন হাজারের বেশি সহিংসতার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ভারত সরকার। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে বিষয়টি ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় তুলে ধরা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এ তথ্য জানান।
তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, সম্পত্তি এবং উপাসনালয়ে হামলার প্রায় ৩,১০০ ঘটনার তথ্য মানবাধিকার সংগঠনগুলোর মাধ্যমে সামনে এসেছে। তবে এ ঘটনার বিস্তারিত তালিকা বা নির্দিষ্ট পরিসংখ্যান সংসদে উপস্থাপন করা হয়নি।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা পরিস্থিতি ভারত সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে দিল্লি।
তিনি আরও বলেন, ভারত আশা করে বাংলাদেশ সরকার এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং সংখ্যালঘু হত্যা, অগ্নিসংযোগ বা সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। বাংলাদেশে বসবাসকারী সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সরকারের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের প্রয়োজনে দ্রুত সহায়তা দিতে ভারতীয় মিশনগুলো সতর্ক রয়েছে বলেও জানান তিনি। এজন্য ২৪ ঘণ্টা চালু থাকা জরুরি হেল্পলাইনও রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের পরিস্থিতি তৈরি হয়। এরপর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছে ভারত।
তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বরাবরই এ ধরনের অভিযোগকে অতিরঞ্জিত বা ভিত্তিহীন বলে দাবি করে আসছে।