
নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এ ঈদযাত্রাকে ঘিরে স্বস্তিদায়ক পরিস্থিতি দেখা গেলেও গাজীপুর এর চন্দ্রা এলাকায় তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি।
বুধবার সকাল থেকে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা হয়ে ভোগড়া, মাওনা ও জৈনাবাজার পর্যন্ত মহাসড়কের বেশিরভাগ অংশ ফাঁকা দেখা যায়। যাত্রীসংখ্যা কম থাকায় এ অংশে যানজটের তেমন কোনো চিত্র ছিল না।
তবে কালিয়াকৈর-চন্দ্রা-ত্রিমোড় এলাকায় কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে নবীনগর ও সফিপুর এলাকাতেও ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক তারিকুল ইসলাম জানান, সকালে যাত্রী কম থাকায় সড়ক ফাঁকা রয়েছে। যানজট এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।
অন্যদিকে নাওজোর হাইওয়ে পুলিশের ওসি সওগাতুল আলম বলেন, দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেলের দিকে যাত্রীচাপ বাড়তে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ধাপে ধাপে কারখানা ছুটি হওয়ায় বিকালের পর মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়তে পারে এবং তখন চাপও বাড়তে পারে।