
নিউজ প্রবাসী ডেক্স :
বগুড়ার সান্তাহারে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজধানী ঢাকায় চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলস্টেশনে এসে অনেক যাত্রী নির্ধারিত সময়েও ট্রেনের দেখা পাননি।
রেলওয়ে সূত্র জানায়, সান্তাহারে দুর্ঘটনার কারণে ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটে। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর ট্রেন ছাড়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
কমলাপুর স্টেশনে দেখা যায়, অনেক যাত্রী ভোর থেকে এসে প্ল্যাটফর্মে বসে আছেন। কেউ পরিবার-পরিজন নিয়ে, আবার কেউ শিশুদের নিয়ে চরম দুর্ভোগের মধ্যে সময় পার করছেন। অনেকেই ক্লান্ত হয়ে প্ল্যাটফর্মেই বিশ্রাম নিচ্ছেন।
একাধিক যাত্রী জানান, ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময় সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য না থাকায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিশেষ করে ঈদযাত্রার চাপ থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে অতিরিক্ত কোচ সংযুক্ত করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। দিনের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এদিকে ঈদকে সামনে রেখে স্টেশনে যাত্রীদের চাপ বেড়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তাহারে লাইনচ্যুত ট্রেনের বগি সরিয়ে নেওয়ার পর রেললাইন সচল করা হয়েছে এবং ধীরে ধীরে স্বাভাবিক সূচিতে ফিরছে ট্রেন চলাচল।