নিউজ প্রবাসী ডেক্স :
গাজীপুর শিল্পাঞ্চলে এবার ভিন্ন আমেজে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে বেতন ও বোনাস পাওয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন পোশাক শ্রমিকরা।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, এবারই প্রথম কোনো ধরনের বিক্ষোভ বা সড়ক অবরোধ ছাড়াই শতভাগ কারখানায় বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। এতে করে প্রায় ২ হাজার ৮৩৪টি কারখানার শ্রমিকরা স্বস্তিতে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, “বিগত দেড় যুগে ঈদের আগে শ্রমিকদের আন্দোলন-বিক্ষোভ ছিল নিয়মিত ঘটনা। এবার সেই চিত্র পুরোপুরি বদলেছে। শ্রমিকরা বেতন-বোনাস পেয়ে আনন্দে বাড়ি ফিরছেন।”
শ্রমিকদের ভাষ্যেও উঠে এসেছে সন্তুষ্টির চিত্র। ভোগড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক হাবিবুর রহমান বলেন, “আমাদের কারখানাসহ আশেপাশের প্রায় সব কারখানাতেই ঈদের আগেই বেতন ও বোনাস দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে আনন্দে ঈদ করতে পারবো।”
এদিকে উৎপাদন কার্যক্রম সচল রাখতে ঈদের ছুটিতেও জেলার ৮১টি কারখানা আংশিক খোলা রাখা হচ্ছে। বিশেষ করে স্পিনিং মিল ও কিছু শিল্প কারখানায় কাঁচামাল লোড হওয়ার পর মেশিন বন্ধ রাখা সম্ভব না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিল্প পুলিশ জানিয়েছে, সিরামিকস, গ্লাস ও টেক্সটাইল খাতের কিছু কারখানায় উৎপাদন আংশিক চালু থাকবে। এর মধ্যে কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর কারখানাও রয়েছে।
কর্তৃপক্ষ বলছে, সরকারের প্রণোদনা, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও কারখানা মালিকদের সমন্বিত উদ্যোগের ফলেই এ বছর শ্রমিকদের মাঝে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।