
নিউজ প্রবাসী ডেক্স :
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। জাল ভোট দেওয়ার অভিযোগ ঘিরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
সোমবার সকালে উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা, কুরবির চর, কালাই ভূঁইয়ার কান্দি ও দরবেশ খাঁর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া জানান, সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে এবং দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের দিন একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে রোববার রাত থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্রশস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে একাধিক বাড়িঘরে ভাঙচুর করা হয়। একই সঙ্গে সোনার অলঙ্কার, নগদ অর্থ ও গবাদি পশু লুট করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, আকস্মিক হামলায় তারা চরম আতঙ্কের মধ্যে পড়েন। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে। এক পক্ষ অপর পক্ষকে দায়ী করলেও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও ভিন্নমত দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।