নিউজ প্রবাসী ডেক্স :
দেশের ক্রীড়াবিদদের দলীয় রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, খেলোয়াড়দের মূল পরিচয় হওয়া উচিত দেশের প্রতিনিধি হিসেবে, কোনো রাজনৈতিক দলের নয়।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও কার্ড প্রদানকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়দের পেশাদার জীবনে রাজনীতি নয়, বরং খেলাধুলায় দক্ষতা, শৃঙ্খলা ও দেশপ্রেমই হওয়া উচিত প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফলাফল এনে দেশের সম্মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, “কথা কম, কাজ বেশি—এই নীতিতে এগিয়ে যেতে হবে। আন্তরিকতা, টিম স্পিরিট ও দৃঢ় মানসিকতা থাকলে সাফল্য অর্জন সম্ভব।”
দেশের ক্রীড়াঙ্গন উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে উল্লেখ করে তিনি জানান, প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ এবং প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রমের মাধ্যমে দেশের ক্রীড়াবিদরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।