নিউজ প্রবাসী ডেক্স :

দেশে ‘মব কালচার’ বা গণপিটুনির মতো সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, জনসমাবেশ বা দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে দেশে মব সহিংসতার ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই স্পষ্ট অবস্থান নিয়েছে—দেশে কোনো ধরনের মব সহিংসতা চলতে দেওয়া হবে না। অতীতে দেখা সড়ক অবরোধ ও বিশৃঙ্খল পরিস্থিতিও আর সহ্য করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সব ধরনের সহিংস ঘটনাকে ‘মব’ বলা ঠিক নয়। পরিকল্পিত হামলা, ভাঙচুর বা সংগঠিত অপরাধ আলাদাভাবে বিবেচিত হয় এবং এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাবি-দাওয়া থাকলে তা গণতান্ত্রিক উপায়ে উপস্থাপন করতে হবে। স্মারকলিপি, আলোচনা সভা বা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমেই মত প্রকাশ করা উচিত। একই সঙ্গে সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts