
নিউজ প্রবাসী ডেক্স :
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশকাটা এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।
এক পর্যায়ে রেজওয়ান নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য তেল সরবরাহ বন্ধ রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রশাসন জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।