নিউজ প্রবাসী ডেক্স :

দৌলতপুর উপজেলা-এ পবিত্র কোরআন শরিফ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শামীম (৫২) নামে এক ব্যক্তিকে সংঘবদ্ধ মারপিটে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় তার নিজস্ব দরবার শরিফে এ ঘটনা ঘটে।
হামলায় শামীমের আরও দুই অনুসারী গুরুতর আহত হয়েছেন। নিহত শামীম ওই এলাকার সামসুল ইসলামের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি নিজেকে ‘কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর’ অনুসারী হিসেবে পরিচয় দিতেন।
অভিযোগ রয়েছে, সম্প্রতি শামীম তার দরবারে অনুসারীদের উদ্দেশে পবিত্র কোরআন শরিফ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এর জেরে শনিবার বেলা একটার দিকে বিক্ষুব্ধ লোকজন ফিলিপনগরে অবস্থিত ওই দরবার শরিফ ঘেরাও করে। একপর্যায়ে তারা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় দরবারের ভেতরে থাকা শামীম ও তার দুই অনুসারী মারাত্মকভাবে আহত হন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে শামীম মারা যান। আহত অপর দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে শামীম বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ নিয়ে এলাকায় পূর্ব থেকেই বিরূপ প্রতিক্রিয়া ছিল।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts