
নিউজ প্রবাসী ডেক্স :
দীর্ঘ ২১ ঘণ্টার টানা আলোচনা সত্ত্বেও ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
শনিবার ইসলামাবাদ-এ শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে সরাসরি শান্তি আলোচনা রোববার পর্যন্ত গড়ায়। পাকিস্তানি গণমাধ্যমের বরাতে জানা যায়, আলোচনায় উভয় পক্ষ ‘গুরুত্বপূর্ণ’ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, “আমরা দীর্ঘ সময় ধরে গঠনমূলক আলোচনা করেছি। এটি ইতিবাচক দিক। তবে দুঃখজনকভাবে আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ বা আপসহীন বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছে এবং কোন ক্ষেত্রে সমঝোতা সম্ভব আর কোন ক্ষেত্রে নয়—তা ইরানকে জানানো হয়েছে। তবে ইরানি প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে সম্মত হয়নি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা সূত্রে জানা গেছে, কোনো চুক্তি ছাড়াই মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান ত্যাগ করছে।
দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হলেও, সমঝোতা না হওয়ায় পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।