
নিউজ প্রবাসী ডেক্স :
নড়াইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। জেলা প্রশাসন ও বর্ষবরণ পরিষদের যৌথ উদ্যোগে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বর এবং সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রভাতী সংগীত, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বৈশাখী শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, লোকজ মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে প্রভাতী সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও ঢাক-ঢোলের তালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজনে অংশগ্রহণকারীরা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এমন আয়োজন নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলজুড়ে ছিল উৎসবের আমেজ, যা স্থানীয়দের মাঝে আনন্দের আবহ সৃষ্টি করে।