
নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ-এ ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। বুধবার দুপুরে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব সমর্থিত দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা তৈরি হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা সংবাদ সংগ্রহের চেষ্টা করলে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে।
আহতদের মধ্যে রয়েছেন বিপ্লব শেখ ও ওবায়দুল হক। তারা জানান, ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কয়েকজন কর্মী তাদের বাধা দেয় এবং একপর্যায়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করে। এতে তারা আহত হন এবং পরে চিকিৎসা নিতে হাসপাতালে যান।
ঘটনার বিষয়ে কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, অভ্যন্তরীণ মতবিরোধ থেকে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে।
এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কলেজ সাংবাদিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানানো হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের ৬ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।