নিউজ প্রবাসী ডেক্স :

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোনো দেশ একা এই সংকট মোকাবিলা করতে পারবে না; প্রয়োজন সমন্বিত উদ্যোগ।
বুধবার ‘এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিট’-এ ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, তাৎক্ষণিক জ্বালানি চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট দেখিয়ে দিয়েছে যে দেশগুলো পরস্পরের ওপর নির্ভরশীল। তাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য দ্রুত সহায়তা নিশ্চিত করা জরুরি।
বর্তমান সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে কিছু স্বল্পমেয়াদি পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে সরকারি অফিস সময় কমানো, জ্বালানি আমদানি বৃদ্ধি, বিকল্প উৎস অনুসন্ধান এবং জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ।
তিনি সতর্ক করে বলেন, চলমান সংকটের প্রভাব ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে, যা দীর্ঘমেয়াদে উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে পারে।
সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রীসহ এশিয়ার বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে এই সংকট মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা অপরিহার্য বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts