
নিউজ প্রবাসী ডেক্স :
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা মামলার তদন্তের অংশ হিসেবে শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপস-এর ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মধুমতি ব্যাংক পিএলসির আওতাধীন তিনটি করে মোট ছয়টি কার্ডে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
দুদকের তদন্তে অভিযোগ করা হয়েছে, দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে তাপস বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার বিভিন্ন ব্যাংক হিসাবে শত শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।
অন্যদিকে, আফরিন তাপসের বিরুদ্ধেও স্বামীর সঙ্গে যোগসাজশে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ব্যাংক হিসাবেও বড় অঙ্কের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
তদন্ত চলাকালে যাতে অভিযুক্তরা ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন করতে না পারেন, সে জন্যই ডেবিট কার্যক্রম বন্ধ রাখার আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে এই নির্দেশ দেন।
সংশ্লিষ্টরা বলছেন, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে।