
নিউজ প্রবাসী ডেক্স :.
ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, কোনও চুক্তি ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে ব্যাপক বোমা হামলা শুরু হতে পারে।
অন্যদিকে ইরান পাল্টা সতর্ক করে বলেছে, নতুন করে যুদ্ধ শুরু হলে তারা ‘নতুন কৌশল’ নিয়ে রণক্ষেত্রে নামতে প্রস্তুত।
দুই দেশের মধ্যে শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা থাকলেও তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সাম্প্রতিক এক ঘটনায় হরমুজ প্রণালির কাছে একটি ইরানি জাহাজ জব্দ করাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে।
ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগে সমাধান না হলে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাবে। তিনি ইঙ্গিত দেন, যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা খুবই কম।
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, হুমকির মুখে তারা কোনো আলোচনায় বসবে না। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান আলোচনা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
তবুও যুক্তরাষ্ট্র জানায়, তাদের প্রতিনিধি দল পাকিস্তানে আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে আলোচনার ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের কড়া বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে।