
নিজস্ব প্রবেদক:
যশোর ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এ.জেড.এম সালেক স্বপন ও কাসেদুজ্জামান সেলিম নেতৃত্বাধীন ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ প্যানেল। ২০টি পদের মধ্যে ১৭টিতেই জয় পেয়েছে এ প্যানেলের প্রার্থীরা। অপরদিকে ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ প্যানেল পেয়েছে ৩টি পদ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’র প্রার্থী কবি কাসেদুজ্জামান সেলিম সর্বোচ্চ ১,৪৮৮ ভোট পেয়ে শীর্ষস্থান অধিকার করেন। মোট ৩,০২৯ জন ভোটারের মধ্যে ২,২৭৭ জন ভোট দেন, যা শতকরা ৭৫.১৭ শতাংশ।
নির্বাচনে জয়ী ২০ সদস্যের মধ্যে ১৭ জন ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ থেকে এবং ৩ জন ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ থেকে নির্বাচিত হয়েছেন। ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ থেকে বিজয়ীরা হলেন—নাসির উদ্দীন মিঠু, আনিসুজ্জামান পিন্টু ও হাবিবুর রহমান রুবেল।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ২২ প্রার্থীর মধ্যে কেউ জয়লাভ করতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান ২১৬ ভোট এবং এম. নূরুন নবী ১৮২ ভোট পেয়ে পরাজিত হন।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাউন হল চত্বরে ৩টি কেন্দ্রে মোট ৪৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তীব্র গরম উপেক্ষা করে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত ২০ সদস্য আগামী তিন বছরের জন্য ১৮৫৯ সালে প্রতিষ্ঠিত ১৬৭ বছরের ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পরিচালনার দায়িত্ব পালন করবেন। পর্ষদের প্রথম সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।