
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী ও অভিজ্ঞ মুখ তোফায়েল আহমেদ আর নেই। ষাটের দশকের ছাত্র আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতির নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এই প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছিলেন ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, সংসদ সদস্য ও মন্ত্রী।
ডাকসুর ভিপি হিসেবে উনসত্তরের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়ার ঐতিহাসিক ঘোষণার সঙ্গেও জড়িয়ে আছে তার নাম।
স্বাধীনতার পর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিভিন্ন সময়ে শিল্পমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। ভোলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।