
সিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাবকে ‘সন্তোষজনক নয়’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ নোটিসের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি। বরং বিভিন্ন তথ্য উপস্থাপন করলেও ঘটনার দায় ও কারণ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সংসদের ফাঁকে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর তা জনসম্মুখে জানানো হবে।
ঈদের আগের দিন মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকা এবং পর্যাপ্ত বিকল্প ভেন্টিলেশনের অভাবের কারণে ওয়ার্ডে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যায়, যা শিশুদের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
এ ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিল কেন করা হবে না, তা জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর নোটিস দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় চেয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পরে তাদের ব্যাখ্যা জমা দেয়।
অন্যদিকে, নিহত নবজাতকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের আইনজীবীর দাবি অনুযায়ী, প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এরই মধ্যে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে।