
নিউজ প্রবাসী ডেক্স :
২০ জুন: দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে আগামী অগাস্ট মাসে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে পরবর্তী ধাপে ঢাকা-খুলনা রুটেও নতুন ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
শনিবার পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন রেলমন্ত্রী।
তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে সরকার নতুন নতুন রেলপথে যাত্রীসেবা সম্প্রসারণে কাজ করছে। অগাস্টেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হবে। এ জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং দ্রুত নতুন কোচ সংযোজনের কার্যক্রমও এগিয়ে চলছে।
মন্ত্রী আরও জানান, কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন রেলমন্ত্রী।
সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।