
নিউজ প্রবাসী ডেক্স :
দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচিত করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক দায়িত্ব পালন করবেন।
নিয়োগ পাওয়া প্রশাসকদের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন, যিনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাহফুজুর রহমান–কে। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।
এদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন।
রংপুর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী চৌধুরী–কে।
অন্যদিকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ আরও ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন এই নিয়োগের মাধ্যমে দেশের বেশ কয়েকটি সিটি করপোরেশনের প্রশাসনিক দায়িত্ব এখন অস্থায়ী প্রশাসকদের হাতে যাচ্ছে।