নিউজ প্রবাসী ডেক্স :

  • চট্টগ্রামের  সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নেসা ইরা মনি হত্যা মামলায় আসামি বাবু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় তাকে যাবজ্জীবন ও ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
    বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। মাত্র চার মাসের মধ্যেই মামলাটির বিচারকাজ শেষ হয়।
    আদালত সূত্র জানায়, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় বাবু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় যাবজ্জীবন এবং ৯ ধারায় ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
    মামলার তথ্যমতে, গত ১ মার্চ চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ইরা মনিকে বাড়ি থেকে নিয়ে যান পাশের বাসার ভাড়াটিয়া বাবু শেখ। পরে সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় নিয়ে শিশুটিকে হত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ তার মৃত্যু হয়।
    ঘটনার পরদিন পুলিশ বাবু শেখকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৮ জুন অভিযোগ গঠনের পর মাত্র ছয় কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts