নিউজ প্রবাসী ডেক্স :

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বিলাসবহুল নগরী দুবাই-এ। নিরাপদ বিনিয়োগ ও বসবাসের স্থান হিসেবে দীর্ঘদিনের সুনাম থাকা এই শহরটি এখন নিরাপত্তা শঙ্কায় নতুন করে আলোচনায় এসেছে।
ইরানকে ঘিরে আঞ্চলিক সংঘাত তীব্র হওয়ার পর সাম্প্রতিক সময়ে দুবাইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে শহরটিতে বসবাসরত অনেক ধনী ব্যবসায়ী ও বিদেশি বিনিয়োগকারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু প্রবাসী ও বিনিয়োগকারী সাময়িকভাবে শহরটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন। অনেক ধনী ব্যক্তি ব্যক্তিগত বিমানে অন্য দেশে যাওয়ার ব্যবস্থা খুঁজছেন বলেও জানা গেছে।
গত এক দশকে দুবাই বিশ্বজুড়ে কোটিপতি ও ধনীদের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছিল। করমুক্ত আয়ের সুযোগ, উন্নত অবকাঠামো এবং স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশের কারণে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা এখানে বসতি গড়েছিলেন।
পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দুবাইয়ে প্রায় ৮১ হাজার কোটিপতি বসবাস করছেন। তাদের মধ্যে কয়েক শতাধিক ব্যক্তির সম্পদের পরিমাণ শত কোটি ডলারেরও বেশি।
তবে সাম্প্রতিক হামলার ঘটনাগুলো শহরটির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যদিও সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা হয়েছে এবং বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে দুবাইয়ের আবাসন বাজার ও বিদেশি বিনিয়োগে প্রভাব পড়তে পারে। কারণ শহরটির অর্থনীতি অনেকটাই বিদেশি বিনিয়োগকারী ও উচ্চ আয়ের প্রবাসীদের ওপর নির্ভরশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts