
নিউজ প্রবাসী ডেক্স :
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালিতে নীরব কিন্তু কৌশলী অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ইরানের অগোচরে গত তিন সপ্তাহে প্রায় ৭০টি জাহাজকে নিরাপদে পার করিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড— এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির মধ্যকার চলাচলে সহায়তা নিয়েছে বহু বাণিজ্যিক জাহাজ। এসব জাহাজের অধিকাংশই চলাচলের সময় তাদের ট্রান্সপন্ডার বা সংকেত প্রেরণকারী যন্ত্র বন্ধ রাখে, যাতে ইরানি বাহিনী তাদের অবস্থান শনাক্ত করতে না পারে।
কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজগুলোর কিছু রুট ছিল ইরানের উপকূল ঘেঁষে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত। কারণ, ইরান গত কয়েক মাস ধরে হরমুজ প্রণালিতে কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে।
বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ওমান উপকূলের কাছাকাছি বিকল্প রুট ব্যবহার করে জাহাজগুলোকে নিরাপদে পার করাচ্ছে। তবে ঠিক কতগুলো জাহাজ এভাবে চলাচল করেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, কারণ ট্রান্সপন্ডার বন্ধ থাকায় সেগুলোর তথ্য প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একসময় ইরান পুরো প্রণালিতেই কার্যত অবরোধ সৃষ্টি করে এবং সমুদ্রপথে মাইন পেতে রাখার অভিযোগও ওঠে।
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে নতুন করে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।