
নিউজ প্রবাসী ডেক্স :
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা এবারও স্বস্তিদায়ক হয়নি। সড়কে তীব্র যানজট, বাসের সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যেতে গিয়ে যাত্রীদের অভিযোগ— নির্ধারিত ভাড়ার চেয়ে দুই থেকে চারগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়েও বাস ছাড়ছে না, ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজটে আটকে পড়ে হাজারো যানবাহন। এতে যাত্রা সময় কয়েকগুণ বেড়ে যায়।
অন্যদিকে, বাসের সংকট দেখিয়ে অনেক পরিবহন কাউন্টার বন্ধ রেখে বেশি ভাড়ায় যাত্রী তোলা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বাধ্য হয়ে অনেকে ট্রাক, পিকআপ কিংবা অটোরিকশায় করেও বাড়ির পথে রওনা হয়েছেন।
রেলপথেও স্বস্তি মেলেনি। নির্ধারিত সময়ের অনেক পরে ট্রেন ছাড়ার কারণে যাত্রীদের ভিড় ও ভোগান্তি বেড়েছে। এমনকি ট্রেনের ছাদেও যাত্রী বহনের চিত্র দেখা গেছে।
ঈদযাত্রার এই দুরবস্থার মধ্যে সড়ক দুর্ঘটনাও ঘটেছে বিভিন্ন স্থানে, যার ফলে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
সংশ্লিষ্টরা বলছেন, যানবাহনের চাপ, এলোমেলো পার্কিং, যাত্রী ওঠানামার বিশৃঙ্খলা এবং সঠিক ব্যবস্থাপনার অভাব— সব মিলিয়ে এবারের ঈদযাত্রা আবারও দুর্ভোগের রূপ নিয়েছে।