
নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এ এবারের ঈদযাত্রায় বড় ধরনের যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। বিশেষ করে কুমিল্লা অংশে যান চলাচল ছিল স্বাভাবিক।
হাইওয়ে পুলিশ জানায়, দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। ফলে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রী ওঠানামা ও বাস পরিবর্তনের কারণে কিছু জায়গায় ধীরগতি লক্ষ্য করা গেছে। কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় যাত্রীদের ভিড় বেশি দেখা যায়, যেখানে অনেকেই বাস পরিবর্তন করে নিজ নিজ জেলায় যাচ্ছেন।
যানজট না থাকলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা। অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে একাধিক পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে এবং যাত্রীদের সহায়তায় রোভার স্কাউট কাজ করছে।
ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এবার যাত্রীচাপ তুলনামূলক কম, ফলে যাত্রা আগের বছরের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।