নিউজ প্রবাসী ডেক্স :

কালিয়া উপজেলা-এ কৃষি উৎপাদন সচল রাখতে এবং সেচ কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রশাসনের উদ্যোগে বিশেষভাবে ডিজেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত পাঁচটি পয়েন্টে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে, যা কৃষকদের জন্য বড় স্বস্তির খবর।
শুক্রবার বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। উদ্বোধনী দিনে কৃষকদের মাঝে প্রতিজনকে ৫ লিটার করে ডিজেল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চাচুড়ি, পৌর বাসস্ট্যান্ড, বড়দিয়া, যোগানিয়া বাজারসহ মোট পাঁচটি পয়েন্টে এই তেল সরবরাহ কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি সাধারণ যানবাহনের জন্য ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিক নিয়মে জ্বালানি বিক্রি অব্যাহত রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের সেচ কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার নির্ধারিত দামে সহজে ডিজেল পেতে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, সহজে ও কম দামে ডিজেল পাওয়ায় তারা সেচ কাজে স্বস্তি ফিরে পেয়েছেন। এতে করে চলতি মৌসুমে কৃষি উৎপাদন বাড়বে বলেও আশা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts