নিউজ প্রবাসী ডেক্স :
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতা সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় সদরপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
আহত শফিকুল ইসলাম আজম (৪০) স্থানীয় আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পেশায় তামাক ব্যবসায়ী।
পুলিশ জানায়, ঘটনাস্থলে কয়েকজন যুবক এসে তাকে ডেকে নিয়ে পাশেই কথা বলতে শুরু করে। একপর্যায়ে তারা কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর অবস্থায় শফিকুলকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়।
চিকিৎসকদের মতে, তার ডান চোখ, বাম চোয়াল ও পেটের ওপর গুলি লেগেছে। পেটে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। হামলার কারণ এখনও নিশ্চিত না হলেও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা শফিকুলের পরিচিত বলেই মনে হয়েছে, কারণ তাদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা হচ্ছিল।