নিউজ প্রবাসী ডেক্স :
খুলনা নগরে আবারও বাড়ানো হয়েছে ওয়াসার পানির দাম। সর্বশেষ বাড়ানো দামের নয় মাসের মাথায় নতুন করে ৫ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে, যা চলতি মাসের ১ মার্চ থেকে কার্যকর হয়েছে। এ সিদ্ধান্তে নগরবাসীর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
নতুন নির্ধারিত মূল্যে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট বা এক হাজার লিটার পানির জন্য দিতে হবে ১০ টাকা ৩৮ পয়সা। এর সঙ্গে সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ ও ভ্যাট যুক্ত হবে। বর্তমানে খুলনা ওয়াসার প্রায় ৪৫ হাজার গ্রাহক রয়েছে।
তথ্য অনুযায়ী, গত এক দশকে খুলনা ওয়াসা আটবার পানির মূল্য বাড়িয়েছে। ২০১৫ সালে ইউনিটপ্রতি মূল্য ছিল চার টাকা। এরপর ধাপে ধাপে তা বাড়িয়ে ৯ টাকা ৮৮ পয়সা করা হয়। সর্বশেষ ৫ শতাংশ বৃদ্ধির ফলে তা দাঁড়িয়েছে ১০ টাকা ৩৮ পয়সায়।
নগরের অনেক বাসিন্দার অভিযোগ, পানির মান ও সরবরাহ নিয়ে নানা সমস্যা থাকলেও নিয়মিত মূল্য বাড়ানো হচ্ছে। সচেতন নাগরিকদের মতে, সেবার মান উন্নত না করে কেবল দাম বাড়ালে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ পড়ে।
নগরবাসীর অভিযোগ, অনেক এলাকায় পর্যাপ্ত পানি সরবরাহ পাওয়া যায় না। কোথাও আবার পানিতে ময়লা থাকার অভিযোগ রয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে ট্যাংকিতে পানি তুলতে বৈদ্যুতিক পাম্প ব্যবহার করতে হয়, যার কারণে বিদ্যুৎ বিলও বাড়ে।
তবে ওয়াসা কর্তৃপক্ষ বলছে, অন্যান্য শহরের তুলনায় খুলনায় পানির দাম এখনো কম। ঢাকা ও চট্টগ্রামের তুলনায় এখানে ইউনিটপ্রতি মূল্য কম থাকায় খরচ সামাল দিতে মূল্য সমন্বয় করা হয়েছে।
ওয়াসা কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী বোর্ডের অনুমোদন থাকলে প্রতি বছর ৫ শতাংশ পর্যন্ত পানির মূল্য সমন্বয়ের সুযোগ রয়েছে। সেই নিয়ম মেনেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।