নিজস্ব প্রতিবেদক :

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা রাশিকুল আনাম রাশু নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানার কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাশু রাজনীতির পাশাপাশি কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সোমবার সকালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
গুলির একটি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। সম্প্রতি তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় হন। তিনি দৌলতপুরের দেয়ানা এলাকার বাসিন্দা ও শরিফুল আনামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময় দৌলতপুর এলাকায় তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছিলেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts