যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই কেজি গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের সাজিয়ালী গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
আটক নারী শাহানারা বেগম (তোরাপ আলীর স্ত্রী)। তিনি সাজিয়ালী গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা। অভিযানে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় দুই কেজি গাঁজা। এ ঘটনায় মাদক কারবারির সহযোগী হিসেবে অভিযুক্ত তোরাপ আলীর ছেলে নাইম হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধারকৃত গাঁজাসহ শাহানারা বেগমকে হেফাজতে নেওয়ার পর যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন।
এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, অভিযানের বিষয়ে তাদের আগে থেকে কোনো তথ্য ছিল না। পরে স্থানীয়দের মাধ্যমে ঘটনার বিষয়টি জানতে পারেন বলে তিনি দাবি করেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, একই গ্রামে পুলিশ ফাঁড়ি থাকার পরও এত বড় পরিমাণ মাদক উদ্ধার সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করা বিশ্বাসযোগ্য নয়। তাদের অভিযোগ, এলাকায় কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অজানা নয়, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts